বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
সংসদ নাই আজ? সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রীর প্রশ্ন, পাঠালেন সংসদে

ফেসবুকে জানালেন এমপি এমরান

সংসদ নাই আজ? সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রীর প্রশ্ন, পাঠালেন সংসদে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এসে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন সংসদ সদস্য (এমপি)। প্রধানমন্ত্রী তাদের বিমানবন্দরে দেখে বিস্ময় প্রকাশ করে সরাসরি জাতীয় সংসদে ফিরে যাওয়ার নির্দেশ দেন।বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত এমপিদের উদ্দেশে জানতে চান, ‘সংসদ নাই আজকে?’পরে তিনি বলেন, ‘আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই। আপনারা সংসদে যান।’প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী।নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর তার নির্দেশ অনুযায়ী সরাসরি জাতীয় সংসদে চলে এসেছেন।এমপি এমরান আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং সংসদের কার্যকারিতা ও গুরুত্ব বাড়াতে নিরলসভাবে কাজ করছেন। তার মতে, বুধবারের ঘটনাটি সেই অবস্থানেরই বাস্তব প্রতিফলন।এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন দেশের সঙ্গে চলছে আলোচনা / অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে অবস্থানরত অনিয়মিত (অবৈধ কাগজপত্রধারী) বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ বাড়াতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়া সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও নীতির ওপর নির্ভরশীল।বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণ, অধিকার সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যেসব দেশে বাংলাদেশিরা অনিয়মিতভাবে অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, যাতে যোগ্য ও কর্মরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পান।পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো নিয়মিত কনস্যুলার সহায়তা দিচ্ছে এবং বিভিন্ন দেশের ঘোষিত সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ও বৈধকরণ কর্মসূচিতে অংশগ্রহণে সহযোগিতা করছে।তিনি বলেন, স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে আনুমানিক ২০ হাজার বাংলাদেশি উপকৃত হতে পারেন। তবে এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বাগতিক দেশের সার্বভৌম নীতির বিষয়।ড. খলিলুর রহমান বলেন, অনিয়মিত অভিবাসন মানবপাচার, শ্রম শোষণ ও আইনি ঝুঁকি বাড়ায়। তাই সরকার নিরাপদ, বৈধ ও সুশৃঙ্খল অভিবাসনকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে ইউরোপ, পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগও চলছে।তিনি জানান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মাল্টা, মরিশাস, স্পেন, সার্বিয়া, রাশিয়া, তুরস্ক, ফিজি, আলবেনিয়া, অস্ট্রিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গায়ানার সঙ্গে স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়েও আলোচনা চলছে।দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও দক্ষতার সনদায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগের আওতায় দক্ষতা উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি দেশের টিটিসিগুলোতে বিনামূল্যে জাপানি ভাষা শিক্ষা চালু করা হয়েছে।তিনি আরও জানান, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নার্সিং প্রশিক্ষণ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ৬০ লাখ ডলারের একটি প্রকল্প চালু করেছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত প্রতিটি বাংলাদেশি দেশের জন্য মূল্যবান সম্পদ। তবে অনিয়মিত অভিবাসন ব্যক্তি ও দেশের ভাবমূর্তি উভয়ের জন্যই ক্ষতিকর। এ কারণে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আ.লীগ ছাড়া স্থিতিশীলতা অসম্ভব! বিস্ফোরক মন্তব্য জি এম কাদেরের

বিনিয়োগ ও স্থিতিশীলতা নিয়ে নতুন বিতর্ক / আ.লীগ ছাড়া স্থিতিশীলতা অসম্ভব! বিস্ফোরক মন্তব্য জি এম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হলে দেশে স্থিতিশীলতা অর্জন কঠিন হয়ে পড়বে।সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জি এম কাদের বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হলে তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো বড় রাজনৈতিক শক্তিকে দমন বা তাদের অধিকার সীমিত করা হলে সমাজে অসন্তোষ বাড়তে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে বাস্তবায়নের স্পষ্ট দিকনির্দেশনা নেই। পরিচালন ব্যয় ধরা হয়েছে বিপুল অঙ্কের হলেও তা কমানোর সুযোগ খুবই সীমিত।তিনি আরও বলেন, রাজস্ব আয়ের লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এত বড় রাজস্ব আদায় কঠিন হবে। ফলে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে এবং সরকারকে অতিরিক্ত ঋণের ওপর নির্ভর করতে হতে পারে।জি এম কাদেরের মতে, অতিরিক্ত ঋণনির্ভর বাজেট দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে এবং সামাজিক ও রাজনৈতিক সংকট আরও বাড়াতে পারে।তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ ধরনের বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। বৈশ্বিক অস্থিরতা ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দার প্রভাবও বাজেটে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

পাটুরিয়া ফেরিঘাটে র‍্যাবের অভিযান, ৬ হাজার ৬০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ইয়াবা সরবরাহ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য / পাটুরিয়া ফেরিঘাটে র‍্যাবের অভিযান, ৬ হাজার ৬০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। রাত ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে চম্পা খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে লুকিয়ে রাখা ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও দাবি করেছে র‍্যাব। র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০৩০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি, হ্যাটট্রিকের রাতেই বড় ঘোষণা

ফিফা বিশ্বকাপ ২০২৬ / ২০৩০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি, হ্যাটট্রিকের রাতেই বড় ঘোষণা

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে তিনি বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন, ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসের রেকর্ডও।ম্যাচ শেষে ২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠতেই মেসি স্পষ্ট জানিয়ে দেন, তিনি সেখানে খেলবেন না। হাসিমুখে তিনি বলেন, না, না, সেটা নিশ্চিতভাবেই নয়।২০২৬ বিশ্বকাপে খেলেই ইতিহাস গড়েছেন মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ, যা তাকে ফুটবল ইতিহাসে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০০৬ সালে শুরু হওয়া তার বিশ্বকাপ যাত্রা এখন ২০২৬ পর্যন্ত বিস্তৃত।প্রায় ৩৯ বছর বয়সেও তার পারফরম্যান্স দেখে ভক্তদের মধ্যে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখার আশা তৈরি হয়েছিল। তবে মেসির সাম্প্রতিক মন্তব্য সেই সম্ভাবনাকে কার্যত শেষ করে দিল।মেসি জানিয়েছেন, তার লক্ষ্য এখন চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে যত দূর সম্ভব এগিয়ে নেওয়া। ২০২২ সালের শিরোপার পর এবারও দলটি শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে। এদিকে, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও এখন মেসির নাগালের মধ্যে। আর মাত্র একটি গোল করলেই তিনি ক্লোসেকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠবেন।

ফিফা বিশ্বকাপ গানে বাংলাদেশের ছোঁয়া, রাসেল আলীকে নিয়ে গর্বিত ওয়ারফেজ

বিশ্বমঞ্চে বাংলাদেশি সাফল্য / ফিফা বিশ্বকাপ গানে বাংলাদেশের ছোঁয়া, রাসেল আলীকে নিয়ে গর্বিত ওয়ারফেজ

২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে প্রকাশিত অফিসিয়াল গান ‘সির সির’-এ যুক্ত হয়ে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পী ও প্রযোজক রাসেল আলী।ফিফা সাউন্ডের অফিসিয়াল অ্যালবামে স্থান পাওয়া এই গানে তিনি কো-প্রডিউসার (সহ-প্রযোজক) এবং কো-রাইটার (সহ-গীতিকার) হিসেবে কাজ করেছেন। বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহীর সঙ্গে মঞ্চ মাতান বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও প্রযোজক সঞ্জয় দেব।এই বৈশ্বিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাসেল আলীর সাবেক ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জানায়, বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে রাসেল আলীর অংশগ্রহণ বাংলাদেশের সংগীত অঙ্গনের জন্য এক বিরল গর্বের মুহূর্ত।ওয়ারফেজ তাদের বার্তায় আরও উল্লেখ করে, ব্যান্ডের শুরুর দিনগুলোতে রাসেলের অবদান ছিল অসাধারণ। তাদের প্রথম দুই অ্যালবামে কিবোর্ড ও গিটারে তার কাজ আজও স্মরণীয় হয়ে আছে।বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত রাসেল আলী আন্তর্জাতিক সংগীত জগতে নিয়মিতভাবে কাজ করছেন। বিশ্বখ্যাত প্রযোজক ও সংগীত পরিচালকদের সঙ্গে তার এই সহযোগিতা তাকে বৈশ্বিক পর্যায়ে আরও পরিচিত করে তুলছে।‘সির সির’ গানটি নোরা ফাতেহী, ফরাসি শিল্পী ভেজেড্রিয়াম এবং সঞ্জয় দেবের কণ্ঠে প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রতিটি সুরে বাংলাদেশের ছাপ রয়েছে বলে সংগীতপ্রেমীরা মন্তব্য করছেন।বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে বাংলাদেশি সংগীতশিল্পীর এমন সাফল্য দেশের সংগীত অঙ্গনের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !