বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোয় সেলুন ও স্পা চালুর উদ্যোগ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। চলমান কাজ বন্ধ রাখতে ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।জুহুর কাপোল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকা অজয় দেবগনের সম্পত্তিটি সেলুন ও স্পার কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। এতে আপত্তি জানিয়ে বিএমসির কাছে অভিযোগ করে স্থানীয় আবাসিক সমিতি।অভিযোগ পাওয়ার পর বিএমসির কেওয়েস্ট ওয়ার্ড থেকে সম্পত্তিটির বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনসহ প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় অনুমতিপত্র দেখানো হয়নি। এরপরই সেখানে চলমান কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।স্থানীয় করপোরেটর সুধা সিং জানান, বিষয়টি বিএমসির বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি বিভাগের আওতাধীন। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।বিএমসির নোটিশের জবাব দিতে চার সপ্তাহ সময় চেয়েছে দেবগন পরিবার। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রস্তাবিত ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র নেওয়া হয়েছে।এ কারণে এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্পত্তিটির বাণিজ্যিক ব্যবহারের বৈধ অনুমোদন রয়েছে কি না।স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সেলুন ও স্পা চালু হলে ওই এলাকায় মানুষের যাতায়াত বাড়তে পারে। এতে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের পাশাপাশি সরু অভ্যন্তরীণ সড়কে যান চলাচলের ওপরও চাপ তৈরি হতে পারে।প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগনের ওই বাংলোর আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট। সম্পত্তিটির প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহার নিয়ে এখন বিএমসি, আবাসিক সমিতি ও দেবগন পরিবারের মধ্যে অনুমোদনসংক্রান্ত বিষয়টি আলোচনায় রয়েছে। এর আগে পান মসলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফের অংশগ্রহণ নিয়েও বিতর্ক হয়েছিল। এবার জুহুর বাংলোয় সেলুন-স্পা চালুর উদ্যোগে বিএমসির নোটিশের কারণে আবারও আলোচনায় এলেন অজয় দেবগন।