কুড়িগ্রাম সীমান্তে মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস, মদ, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।