সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিশ্ব

১১ হাজার মিটার ওপর থেকে ঝাঁপ, রুশ স্কাইডাইভারের বিশ্বরেকর্ড

হট এয়ার বেলুন থেকে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রুশ স্কাইডাইভার সের্গেই বয়তসভ। আন্তর্জাতিক যুব উৎসবের প্রচারণার অংশ হিসেবে এই দুঃসাহসিক অভিযান চালান তিনি।রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’ উপলক্ষে এই বিশেষ স্টান্ট আয়োজন করা হয়।আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ার জাতীয় পতাকা দিবসের (২২ আগস্ট) আগে সের্গেই বয়তসভ হট এয়ার বেলুন থেকে নির্ধারিত উচ্চতায় উঠে ঝাঁপ দেন। রুশ প্রতিষ্ঠান ‘ক্রিয়েটেড বাই হেভেন্স’-এর ‘স্ট্র্যাটান জাম্প ১২-১২’ প্রকল্পের আওতায় এই রেকর্ড অভিযান পরিচালিত হয়।ঝাঁপ দেওয়ার পর ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতিতে নিচে নামতে থাকেন সের্গেই। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৬৫ মিটার ওপরে থাকতেই সফলভাবে প্যারাসুট খুলে ফেলেন তিনি।পরে ৭ মিনিট ১৯ সেকেন্ডের আকাশযাত্রা শেষে রাশিয়ার আলতাই অঞ্চলের উস্ত-কালমানকা জেলায় নিরাপদে অবতরণ করেন এই স্কাইডাইভার।এই লাফের মাধ্যমে আগের বিশ্বরেকর্ড ভেঙে দেন সের্গেই। এর আগে পোল্যান্ডের ক্রীড়াবিদরা ১০ হাজার ৬০ মিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড করেছিলেন।রেকর্ড অভিযানের আগে বেলুনটি সর্বোচ্চ ১১ হাজার ৬১০ মিটার উচ্চতায় পৌঁছায়, যা বেলুনের উচ্চতায় ওঠার ক্ষেত্রেও নতুন রুশ জাতীয় রেকর্ড তৈরি করেছে। এর আগের রেকর্ড ছিল ১০ হাজার ৬৭৮ মিটার। অভিযানে বেলুনের পাইলট ছিলেন রাশিয়ার বেলুন ফেডারেশনের সভাপতি ইভান মেনিয়াইলো। মস্কো অঞ্চলের ক্লিন শহর থেকে বেলুনটি উড়িয়ে নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর পর সেখান থেকেই ঝাঁপ দেন সের্গেই বয়তসভ।

১১ হাজার মিটার ওপর থেকে ঝাঁপ, রুশ স্কাইডাইভারের বিশ্বরেকর্ড