জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন শিক্ষার্থীদের আগমন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার সূচনা করে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বড় লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর, সেবাসমূহ এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান ক্যাম্পাসের শৃঙ্খলা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম ও মোহাম্মদ হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আতিফ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায় নিয়ে নিজের প্রত্যাশা ও অনুভূতির কথা তুলে ধরেন।অনুষ্ঠানের একপর্যায়ে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়।