বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

রাজনীতি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে সংঘবদ্ধভাবে চাপ প্রয়োগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন ব্যক্তি জোর করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় উপাচার্যের ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয় বলে অভিযোগ করেন তিনি।পরে উপাচার্যকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন জামায়াত আমির। এর আগে মানববন্ধন করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করা হয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের বক্তব্যের বরাত দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এর আগেও কয়েকবার একই ধরনের বিশৃঙ্খল আচরণ ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। পরে উপাচার্য সংবাদ সম্মেলনে ঘটনাগুলোর বিস্তারিত তুলে ধরেন এবং বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন বলে জানান।এদিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ-সংক্রান্ত কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি করে নেওয়ার অভিযোগও করেছেন উপাচার্য। বিষয়টিকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।স্বাস্থ্য খাতে এর আগেও বিভিন্ন ধরনের ‘মব’ তৈরির ঘটনা ঘটেছে দাবি করে তিনি হাসপাতাল ভাঙচুর, মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া এবং চিকিৎসাকর্মীদের হয়রানির বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। ঢাকায় রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তার বক্তব্যে উঠে আসে।এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের কাছে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন জামায়াত আমির। তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে স্বাস্থ্য খাতে এ ধরনের ‘মব’ তৈরির পেছনে স্বার্থের ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের স্বাস্থ্য খাত আরও ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণের ভোগান্তি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের