মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সিলেট বিভাগ

একাধিক আবেদনেও মেলেনি গতি নিরোধক, কলিমনগরে ফের সড়ক দুর্ঘটনা; এলাকাবাসীর ক্ষোভ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারের গুরুত্বপূর্ণ ত্রিমুখী সড়কে দীর্ঘদিন ধরে গতি নিরোধক (হাই ল্যান্ড/স্পিড ব্রেকার) স্থাপনের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে ওই সড়কে বারবার দুর্ঘটনা ঘটায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।সর্বশেষ রোববার (২ আগস্ট) দুপুরে কলিমনগর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কলিমনগর বাজারের ত্রিমুখী সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সড়কের পাশেই রয়েছে সেভেন স্টার কেজি অ্যান্ড হাই স্কুল এবং পশ্চিম চরহামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করে।এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার লিখিত আবেদন করে ওই স্থানে তিনটি গতি নিরোধক স্থাপনের দাবি জানানো হয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, এর আগেও এই সড়কে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।তাদের দাবি, দ্রুত গতি নিরোধক স্থাপন, সতর্কীকরণ সাইনবোর্ড বসানো এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এলাকাবাসী বলছেন, আর কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা না করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

একাধিক আবেদনেও মেলেনি গতি নিরোধক, কলিমনগরে ফের সড়ক দুর্ঘটনা; এলাকাবাসীর ক্ষোভ