সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
নীলফামারীর সৈয়দপুরে ডক্টরস হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনেস্টিক সেন্টার হতে সাথি আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের রংপুর রোড নিয়ামতপুর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথি আক্তার সৈয়দপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে স্বামী রায়হান ইসলামের কোন খোঁজ মিলছে না।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৪৬ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে রোগী সাথী আক্তারকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা পূর্বের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন।
কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রোহিদা বেগম জানান, ভর্তির পর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে এসে রোগীর সঙ্গে কথা বলে আবার বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন।
তিনি আরও জানান, পরে গিয়ে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার স্বামীর উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায় সাথি আক্তার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রায়হান লাপাত্তা। একারণে পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা স্বামী-স্ত্রী মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে এলাকার একটি সূত্রের দাবী। রায়হান মাদক মামলায় কারাগারে ছিল। এক সপ্তাহ হলো ছাড়া পেয়ে বাড়িতে এসেছে।
ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হোসেন তাহমিদ ইমাম জানান, বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। তারা হাসপাতালে না আসায় পরবর্তীতে সৈয়দপুর থানায় জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হুদা জানান, “বিষয়টি আমার জানা নেই। ভর্তির পর কোনো রোগী যদি হাসপাতাল ত্যাগ করেন সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তাকে পালাতক হিসেবে নথিভুক্ত করা হয়। তবে কি রোগে আক্রান্ত হওয়ার কারণে ওই রোগীকে ভর্তি করা হয়েছিল এবং কি ধরণের চিকিৎসা চলছিল সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত