সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ প্রকাশের জেরে শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ, এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু।
এছাড়া প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল-এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল-এর আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) আহ্বায়ক শাহ্ মসুদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দিয়ে অপমান করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, আলতাফুর রহমানের কারণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অতিষ্ঠ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলীয় কিংবা প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদকারীরা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। তারা দাবি করেন, আলতাফুর রহমানের দায়ের করা হয়রানি মামলার শিকার শুধু সাংবাদিক নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও।
মানববন্ধন থেকে দ্রুত এ মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত