সঠিক উপায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাধ্যমে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব- রুনাল্ট চাকমা
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
বেড়ায় পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে (গ্রীষ্মকালীন) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর।
কৃষকদের হাতে কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, "সরকার কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণ পৌঁছে দিচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাধ্যমে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব। কৃষকরা যেন সঠিক পদ্ধতিতে এই বীজ বপন করে লাভবান হতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানাই।"
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ উন্নত জাতের পেঁয়াজ বীজ, ডিএপি সার, এমওপি সার এবং বালাইনাশকসহ আনুষঙ্গিক উপকরণ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত