মানিকগঞ্জে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মাটিকাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়। তবে অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়নের দশানী মোড় এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে দশানী চক এলাকায় একটি এস্কেভেটর দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এসময় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করে দেওয়া হয়। পাশাপাশি খাল ভরাট করে তৈরি করা মাটি পরিবহনের অবৈধ রাস্তা কেটে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার (পপি) এই অভিযান পরিচালনা করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার (পপি) গণমাধ্যমকে জানান, “তিন ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত