বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দেবে কি না স্পষ্ট না: আসিফ মাহমুদ
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বিএনপির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এশিয়া পোস্টের সঙ্গে আলাপকালে এ নির্বাচন নিয়ে এমন সংশয়ের কথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, আমরা আপাতত এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়ায় আছি। ইতোমধ্যেই পাঁচ সিটিতে প্রার্থী দিয়েছি, বাকি সাতটিতেও দেওয়া হবে। এর বাইরে পৌরসভা ও উপজেলা নির্বাচনেও এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে। তবে নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে। বিএনপি সরকার যেভাবে প্রশাসক নিয়োগ দিচ্ছে, তাতে তাদের নির্বাচন দেওয়ার সদিচ্ছা আছে কি না তা স্পষ্ট নয়।
তিনি বলেন, প্রশাসক দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দখল করার জন্য। প্রশাসকরা মেয়রের চেয়ারে বসে নিজেদের পোস্টার লাগিয়ে ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের পরিপন্থী এবং লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।
বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও এখন নিজেদের প্রার্থীদের প্রশাসক বানিয়ে নির্বাচন ছিনতাইয়ের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি অসাংবিধানিকভাবে ক্ষমতা কুক্ষিগত করে নিজেদের কিংস পার্টি পরিচয় পুনরুজ্জীবিত করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জনের বিষয়ে তিনি বিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থাকার সুবাদে ঢাকার সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। ঢাকা বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহরের একটি এবং এটি অত্যন্ত অপরিকল্পিত। তবে সদিচ্ছা থাকলে এটিকে রূপান্তর করা সম্ভব। বিশেষ করে দক্ষিণ ঢাকার ৪০০ বছরের যে ঐতিহাসিক ঐতিহ্য সেগুলোকে প্যারিস বা ইস্তাম্বুলের মতো সংরক্ষণ করতে চাই। এর প্রচার করতে চাই। ঢাকার পুরনো গৌরব পুনরুদ্ধার এবং মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত