হাবিপ্রবি শিক্ষার্থীদের ‘পুষ্টিবন্ধু’ প্রজেক্ট পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
দিনাজপুরের উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিচালিত “পুষ্টিবন্ধু” প্রজেক্ট পরিদর্শন করেছেন আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিনিধি দল।
২২ এপ্রিল (বুধবার) এসএএফ (SAF)-এর আয়োজনে এই পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।হাবিপ্রবি শিক্ষার্থী রাহী, ফাইজ, ওয়াহিদ, মুমু, রেজাউল, নেহাল ও বাধনের নেতৃত্বে বিগত তিন মাস ধরে এই প্রজেক্টটি সফলভাবে পরিচালিত হচ্ছে। GAIN এবং SUN Youth Network-এর ‘ফুড সিস্টেম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ গ্রহণের পর শিক্ষার্থীরা শুরুতে নিজ উদ্যোগে এই কার্যক্রম শুরু করে। পরবর্তীতে SAF তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করলে প্রজেক্টটি আরও গতিশীল হয়। প্রজেক্টের আওতায় ইতোমধ্যে বিদ্যালয়ে একটি পুষ্টিবাগান স্থাপন, পুষ্টি ক্লাব গঠন এবং শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ক্যান্টিন স্থাপনের কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লাউসানের সায়েন্টিফিক প্রজেক্ট ম্যানেজার সোফি ভ্যান ডেন বার্গ, সুইজারল্যান্ড ট্রপেন-এর প্রজেক্ট ম্যানেজার কর্নিলিয়া স্পাইচ এবং ইএসডিও এর প্রতিনিধিবৃন্দ। অতিথিরা প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের নেতৃত্বের প্রশংসা করে এই উদ্যোগকে টেকসই করতে ভবিষ্যতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রজেক্টের অন্যতম উদ্যোক্তা ও হাবিপ্রবি শিক্ষার্থী মোহাম্মদ ফাইজ জানান, "আমরা চেয়েছি পুঁথিগত বিদ্যাকে বাস্তবে প্রয়োগ করে সমাজের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে। আন্তর্জাতিক অতিথিদের এই পরিদর্শন আমাদের কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দিয়েছে।"
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত