নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী শোভাযাত্রা
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জানান দিতে বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছে মহিলা জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মাদরাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে। একটি কুচক্রী মহল নারীদের বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর অপচেষ্টা চালালেও আজকের সচেতন নারী সমাজ তা প্রত্যাখ্যান করছে। এই বিশাল নারী শোভাযাত্রা তারই উজ্জ্বল প্রমাণ।
তারা আরও বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তা, সম্মান ও মর্যাদা লাভ করবে। তাই সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় মা-বোনদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত