শ্রীমঙ্গল-কমলগঞ্জে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে কার্যক্রম শুরু করলেন এমপি হাজী মুজিব
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগ গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন কাজের সূচনা করেন।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল শহরের রূপসপুর জোড়া পুল সংলগ্ন ভুরভুরিয়া খালে জমে থাকা আবর্জনা, পলিথিন ও ময়লা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন।
পরবর্তীতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও কৃষ্ণচূড়া ভাইরাল এলাকায় আধুনিক ডাস্টবিন স্থাপন করা হয়, যাতে জনসাধারণ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারেন। সংশ্লিষ্টরা জানান, এতে শহরের পরিচ্ছন্নতা রক্ষা সহজ হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে।
উদ্বোধনী বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জ একটি পর্যটনসমৃদ্ধ এলাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। খাল পরিষ্কার ও ডাস্টবিন স্থাপনের মতো উদ্যোগগুলো শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলবে।” তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্পের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
এ সময় তিনি স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তাঁর ভাষ্য, সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি এলাকা বদলে দিতে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিন ধরে খালে জমে থাকা আবর্জনার কারণে জলাবদ্ধতা ও দুর্গন্ধের যে সমস্যা ছিল, তা নিরসনে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত