পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ পৌরশহরের হাটবাজার ও বিভিন্ন সড়ক-ফুটপাতে জমে উঠেছে ইফতার সামগ্রীর বেচাকেনা। তবে অধিকাংশ স্থানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় খাবার বিক্রি হওয়ায় জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দাউদনগর বাজার রেলগেইট সংলগ্ন এলাকা, স্টেশন রোড, ড্রাইভার বাজার, পুরান বাজার ও হাসপাতাল সড়ক ঘুরে দেখা যায়—পেঁয়াজু, বেগুনিপোড়া, রং মেশানো জিলাপি, বিভিন্ন মিষ্টি, ছোলা, পোলাও, খেজুরসহ নানা ভাজাপোড়া খাবার খোলা অবস্থায় বিক্রি হচ্ছে। অধিকাংশ দোকানে খাবার ঢেকে রাখার কোনো কার্যকর ব্যবস্থা নেই; কোথাও কোথাও সামান্য পলিথিন দিয়ে আংশিক ঢেকে রাখা হয়েছে।
সড়কের পাশ দিয়ে রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাক্টর, মোটরসাইকেল, প্রাইভেটকার ও ভারী যানবাহন চলাচল করছে। পাশাপাশি রেললাইন সংলগ্ন এলাকায় ট্রেন চলাচলের কারণে ধুলাবালি ও ধোঁয়া সরাসরি খাবারের ওপর জমছে। সচেতন মহলের মতে, এভাবে দূষিত পরিবেশে খাবার বিক্রি সংক্রামক রোগের ঝুঁকি বাড়াতে পারে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু হোটেল-রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খোলা আকাশের নিচে তিরপল বা পলিথিন টাঙিয়ে বিভিন্ন মিষ্টিজাত পণ্যে কৃত্রিম রং ব্যবহার করে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া ইফতার সামগ্রী বিক্রি না হলে তা ফ্রিজে সংরক্ষণ করে পরদিন গরম করে পুনরায় বিক্রির অভিযোগও রয়েছে।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করলেও অনেক ব্যবসায়ী নির্দেশনা মানছেন না।
সচেতন মহল মনে করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত তদারকি এবং প্রতিটি হাটবাজার ও ফুটপাতে অভিযান পরিচালনা প্রয়োজন। জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।