জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
এদিকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এটি বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক। তার দাবি, ভাড়া বাড়ানো হলেও তা হতে হবে যৌক্তিক হারে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মোজাম্মেল হক। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একতরফাভাবে ভাড়া বৃদ্ধির চেষ্টা বন্ধ করতে হবে। সব স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে গণশুনানির মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাগিয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।