দিনাজপুরে কারখানায় ‘ভূত আতঙ্ক’, অসুস্থ হয়ে হাসপাতালে ৯ নারী শ্রমিক ভর্তি
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুর সদরের একটি কারখানায় ‘ভূত বা জিন আছে’ এমন আতঙ্কে কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন নারী শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদরের বড়ইল (বনকালি) গ্রামে অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকরা হলেন, রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)। এদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ওই কারখানা এলাকায় ভূত বা জিনের অস্তিত্ব টের পাওয়ার কথা শ্রমিক ও আশপাশের লোকজন বলে আসছিলেন। বুধবার সকালে হঠাৎ নারী শ্রমিকদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ছোটাছুটি শুরু করেন এবং কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অসুস্থ অবস্থায় ৯ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কারখানায় গ্যাস লিকেজ কিংবা বয়লার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গিয়ে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেও কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত কাজ বা ওভারটাইমের কারণে শারীরিক দুর্বলতা এবং মানসিক আতঙ্ক থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন।
কারখানার ম্যানেজার শাহবাজ হোসেন বলেন, কারখানায় ভূত আছে এমন বিশ্বাস থেকে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে তারা অজ্ঞান হয়ে যান। বিষয়টি জানার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম জানান, কারখানায় হঠাৎ নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি মানসিক আতঙ্কজনিত ঘটনা হতে পারে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা তীব্র আতঙ্কে ভুগছিলেন। আতঙ্কের কারণে শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত