সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) থেকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
সদর উপজেলার শিমুলবাড়ীয়া ইউনিয়নে এক উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক আমচাষি অংশ নেন।
উদ্বোধনের পরপরই বাগানজুড়ে আম পাড়ার ব্যস্ততা শুরু হয়। স্থানীয় আমচাষিরা জানান, এ বছর ফলন ভালো হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী আম বাজারজাত করতে পারলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। অনুকূল আবহাওয়া থাকলে মৌসুমটি লাভজনক হবে বলেও প্রত্যাশা তাদের।
কৃষি বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহের ফলে ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে এবং সাতক্ষীরার আমের সুনাম অটুট থাকবে। একই সঙ্গে অপরিপক্ব বা রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।
জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি আম বাজারে আসবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬ হাজারের বেশি হেক্টর জমিতে ৭ হাজারেরও বেশি বাগানে প্রায় ১৪ হাজার চাষি আম চাষ করেছেন। এ বছর প্রায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরার আম এখন দেশীয় বাজারের পাশাপাশি ইউরোপসহ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মৌসুমের শুরুতেই বাজারে নতুন আম আসায় ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময় মেনে সংগ্রহ ও বাজারজাত নিশ্চিত করা গেলে কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারক-সবার জন্যই সুফল বয়ে আনবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬