গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের পৃথক অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিজঅনারের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহায়তায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খালিশপুরে নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে সংগঠনটির আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চারজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।