মগবাজারে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে গৃহকর্মীর মৃত্যু
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভেঙে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বেগম বাসা-বাড়িতে কাজ করতেন। কাজ শেষে রাতে বৃষ্টির মধ্যেই হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। নির্মাণাধীন ভবনের ওপর থেকে দেয়াল ধ্বসে ইটের বড় অংশ সরাসরি তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের স্ত্রী ছিলেন। তিনি মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন এবং পাঁচ সন্তানের জননী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত