রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

নওগাঁয় বাজারে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত, মানসিক প্রতিবন্ধীর জীবন ঝুঁকিতে

নওগাঁর ধামইরহাট উপজেলায় সামান্য খাবার চাওয়াকে কেন্দ্র করে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইশড় এলাকার একটি বাজারে।আহত খাজাম উদ্দিন বর্তমানে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গুরুতর আঘাতের কারণে অস্ত্রোপচার করে ২০টি সেলাই দিতে হয়েছে। এছাড়া বাম চোখে মারাত্মক আঘাত লাগায় সেটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, খাজাম উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছেন। পরিবার বা দেখভালের কেউ না থাকায় তিনি মানুষের কাছে খাবার চেয়ে জীবন ধারণ করেন।ঘটনার দিন তিনি স্থানীয় বাজারে অভিযুক্ত ইদ্রিস আলীর কাছে খাবার চান। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস আলী প্রকাশ্যে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ভারী বস্তু দিয়ে মাথা ও চোখে আঘাত করলে খাজাম উদ্দিন গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুক্তভোগীর কোনো অভিভাবক না থাকায় অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা যায় না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

নওগাঁয় বাজারে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত, মানসিক প্রতিবন্ধীর জীবন ঝুঁকিতে