যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এসব কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুদিনের সফরে গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসেন পল কাপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এটিই বাংলাদেশে দেশটির উচ্চপর্যায়ের প্রথম সফর। শুধু তা-ই নয়, নবগঠিত বিএনপি সরকারের সময়ও এটি যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চপর্যায়ের সফর।
এর আগে গতকাল বুধবার (৪ মার্চ) পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার পল কাপুর বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আজ রাতে মার্কিন এই কূটনীতিকের ঢাকা ত্যাগের কথা রয়েছে।