বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী মিছিল এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, মহানগরের ১৫টি থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে খুলশী থানা থেকে ১৩ জন, ডবলমুরিং থেকে ৭ জন, ইপিজেড থেকে ৩ জন, বায়েজিদ বোস্তামী থেকে ১২ জন, বাকলিয়া থেকে ২ জন, কোতোয়ালি থেকে ১২ জন, কর্ণফুলী থেকে ২ জন এবং পাঁচলাইশ থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য সাতটি থানা এলাকা থেকে আরও ৭ জনকে আটক করা হয়।সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অস্থিতিশীলতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার