মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

২০ লাখ চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ভাঙচুর হামলা, ককটেল বিস্ফোরণ চট্টগ্রামে

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) সকালে নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন। সর্বশেষ রোববার সকালে চাঁদা না দেওয়ায় তার নির্মাণাধীন ভবনে হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মাস্ক পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল টেম্পোযোগে এসে ভবনে ঢুকে শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ভবনের দরজা-জানালা ভাঙচুর করে এবং হাসান সাকি নামে এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। পরে আতঙ্ক সৃষ্টি করতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, বড় দিঘিরপাড় এলাকায় আরও কয়েকটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছেও একই চক্র চাঁদা দাবি করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন।

২০ লাখ চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ভাঙচুর হামলা, ককটেল বিস্ফোরণ চট্টগ্রামে