বাল্যবিবাহ রোধে খুলনায় বিভাগীয় সভা, জবাবদিহির হুঁশিয়ারি
বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করতে খুলনায় বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি ও বেসরকারি উভয় দপ্তরকে সমন্বিতভাবে ডাটাবেইজ তৈরি করে কাজ করতে হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে।বিভাগীয় কমিশনার আরও বলেন, প্রতিটি জেলায় বিবাহ নিবন্ধক ও নোটারি পাবলিকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা করে বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সচেতন ও সতর্ক করতে হবে। পাশাপাশি কিশোর-কিশোরী এবং অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ ও ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি।জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও কনটেন্ট প্রচারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।সভায় জানানো হয়, দেশের প্রতিটি থানায় একজন করে শিশু সুরক্ষা কর্মকর্তা রয়েছেন। বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য তাদের কাছে পৌঁছালে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় হটলাইন ১০৯, জরুরি সেবা ৯৯৯ এবং শিশু সহায়তা হটলাইন ১০৯৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দিকা, ইউনিসেফ খুলনার চিফ মো. কাউসার হোসাইনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কমিটির সদস্যরা।বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধানের পথ।