বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে বেশি দামে জ্বালানি বিক্রি, ২ প্রতিষ্ঠানে জরিমানা

হবিগঞ্জ শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ অভিযানে বৃহস্পতিবার  দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ধার্য্যকৃত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এইচ এম এস এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা এবং তানিম এন্টারপ্রাইজের মালিক মাসুম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে পণ্য ও সেবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‌্যাব-৯ তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের নির্ধারিত মূল্য, ওজন, উৎপাদন ও মেয়াদসহ সব তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর থাকবে।

হবিগঞ্জে বেশি দামে জ্বালানি বিক্রি, ২ প্রতিষ্ঠানে জরিমানা