শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

গণভোটের দাবিতে রাজপথ-সংসদে একসঙ্গে লড়বে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোটের দাবি বাস্তবায়নে রাজপথ ও জাতীয় সংসদ—উভয় জায়গায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ, সেমিনার ও গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, রাজপথের পাশাপাশি সংসদেও তাদের প্রতিনিধিরা আন্দোলন জোরদার করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার না হলে দেশ পুনরায় সংকটে পড়তে পারে।গোলাম পরওয়ার দাবি করেন, জনগণ ইতোমধ্যে ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় পার হলেও কেন শহীদদের বিচার ও সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়নি। বিলম্ব না করে পার্লামেন্টে সংবিধান সংস্কারের প্রস্তাব তপশিলভুক্ত করার আহ্বান জানান তিনি।এ সময় তিনি সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে। সমাবেশে বক্তারা গণতন্ত্রের স্থায়ী রূপরেখা নিশ্চিত করতে দ্রুত গণভোট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

গণভোটের দাবিতে রাজপথ-সংসদে একসঙ্গে লড়বে জামায়াত