ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার হাজারো কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হবে।সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ ও শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে উপজেলার ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন আবাদে উৎসাহিত করতে প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৬০ জন কৃষক এবং পেঁয়াজ চাষ ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আরও ৩২০ জন কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও বালাইনাশক সরবরাহ করা হবে।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারি এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং উন্নত প্রযুক্তি ও মানসম্মত উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ সঠিকভাবে ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।পরে উপকারভোগী কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।