কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।প্রশাসন সূত্রে জানা গেছে, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের একটি কক্ষ বুক করেন। সেখানে অবস্থানের সময় একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা রিচার্জ করার তথ্যও পাওয়া যায়।অভিযোগ রয়েছে, নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি সরকারি বিভিন্ন নথিপত্র জাল করেন।সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বরে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার করা হয়। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জাল করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।অভিযানের পর রাসেলের পরিচয় ও ব্যবহৃত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।