চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৭ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হাসান তারেক ওরফে পাতান (৪১)কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত তল্লাশি করে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান তারেক ওরফে পাতান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে সুরক্ষা এবং মাদক কারবারিদের নির্মূলে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।