নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের আলবানি এলাকার রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল বাবা-ছেলে সম্পর্কের। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন। আহতরা হলেন—হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং এক বছর বয়সি নাতনি ইকরা। দুর্ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে আলবানির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জোহরের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।’
নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন সবাই। নিহত নাজমুল রোবেল নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি বলেন, প্রবাসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত