শিশুশ্রম বন্ধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে অ্যাডভোকেসি সভা
দিনাজপুরে শিশু শ্রম নিরসন, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জার্মানির কিন্ডার মিশনওয়ার্কের অর্থায়নে পরিচালিত আলো:
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও
দিনাজপুরে শোষণমূলক শিশুশ্রমের বিরুদ্ধে কর্মসূচি প্রকল্পের আওতায় এ কার্যক্রম আয়োজন করা হয়।সভায় জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য হচ্ছে শিশু শ্রম নিরসন, ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় আনা, শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, শিশু শ্রম একটি মানবাধিকার লঙ্ঘন এবং শিশুদের নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।কারিতাস বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা সুবাস কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মুহা. আব্দুল ওয়াহেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন, একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি সেবাস্টিয়ান পিউরিফিকেশন।সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, শিশু শ্রম প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠান শেষে শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।