শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সতর্ক করে বলেন, দ্রুত হাসপাতাল চালুর কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরাও সংহতি প্রকাশ করেন।বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল রোগের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগীদের সিলেটে যেতে হয়, যা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। তাই জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা জরুরি।সমাবেশে জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হাসপাতালটি দ্রুত চালুর জোর দাবি জানাতে হবে। তারা অভিযোগ করেন, ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় সেটি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।বক্তারা আরও বলেন, বিভিন্ন সময়ে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই আর মৌখিক প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চালুর একটি লিখিত রোডম্যাপ প্রকাশের দাবি জানান তারা।শিক্ষার্থীরা বলেন, হাসপাতাল চালু না থাকায় নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা প্রশ্ন তোলেন, হাসপাতালের পূর্ণাঙ্গ ব্যবস্থা ছাড়া মেডিকেল কলেজ চালু করে শিক্ষার্থী ও জেলার মানুষের সঙ্গে কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো।উল্লেখ্য, হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম সচল রাখা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে গত ২১ জুন থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, হাসপাতাল চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ