বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি নিয়ে পিএফজির নাগরিক ভাবনা সভা

কক্সবাজারের চকরিয়ায় সম্প্রীতি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মঙ্গলবার (৯ জুন) চকরিয়ার সাম্পান রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) চকরিয়া।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চকরিয়া উপজেলা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ এহেসান চৌধুরী। সভাপতিত্ব করেন পিএফজি চকরিয়ার সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ।প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এহেসান চৌধুরী বলেন, রাজনৈতিক সহিংসতা, সামাজিক বিভেদ, মাদক, কিশোর গ্যাং এবং অসহিষ্ণুতার কারণে সমাজে অস্থিরতা বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বেকারত্ব দূর করতে চকরিয়ায় আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে সহিংসতা কখনো কোনো সমস্যার সমাধান নয়। শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই একটি নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।তারা আরও বলেন, নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সমন্বয়কারী মাঈনুল ইসলাম উপস্থাপনা করেন।এছাড়া বক্তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানান। একই সঙ্গে চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের আগমন উপলক্ষে দলমত নির্বিশেষে পিএফজির ব্যানারে সংবর্ধনা ও স্বাগত জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি নিয়ে পিএফজির নাগরিক ভাবনা সভা