সারা দেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুব আন্দোলনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি বুলবুল হত্যার বিচারসহ হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখতে সংগঠনের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান রেজাউল করীম।তিনি বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলতে হবে’। রেজাউল করীম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে আদর্শিক যুবকদের সংগঠন হিসেবে কাজ করতে হবে। দেশের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।কনভেনশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আগের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও বায়েজিদ হোসাইনকে সহসভাপতি এবং মুফতি রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম যুবকদের আদর্শবান, নীতিবান ও চরিত্রবান হওয়ার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। কনভেনশনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।