সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখল প্রশাসনের কাছে স্মারকলিপি এলাকাবাসীর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার এলাকায় সরকারি রাস্তার প্রবেশমুখে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন ও শান্তিপূর্ণ সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে স্থানীয়রা অভিযোগ করেন, উবাহাটা মৌজার আরএস ২৩৭ দাগের সরকারি রাস্তার প্রবেশমুখে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে কয়েকটি গ্রামের হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় রোগী পরিবহন, মৃতদেহ বহন এবং নির্মাণসামগ্রী আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার গুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও সংকীর্ণতার সমস্যা থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন জরিপ ও প্রশাসনিক তদন্ত শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মামলা দায়ের এবং নোটিশ জারি করা হলেও এখনো বাস্তবায়ন হয়নি।এলাকাবাসীর দাবি, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধীরগতির কারণে অভিযান বিলম্বিত হচ্ছে।তারা আরও জানান, আগামী ২৩ জুনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকায় মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন স্থানীয়রা।এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শায়েস্তাগঞ্জে সরকারি রাস্তা দখল প্রশাসনের কাছে স্মারকলিপি এলাকাবাসীর