শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৯৬ বোতল এসকাফ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান চালায়।এ সময় সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৯৬ বোতল এসকাফ জব্দ