কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও বিজনেস স্টাডিজ অনুষদের বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন পাঁচ অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়া আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে।রোববার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।আগামী ১৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানা যায়।