বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

তিন দিনব্যাপী উৎসবে সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিচারণ

কবি সুকান্ত মেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আয়োজন। বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য-এর ৭৯তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি পায়রা ও বেলুন উড়িয়ে এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন।জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ।উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, সুকান্ত ভট্টাচার্য আজীবন শোষিত মানুষের অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লিখে গেছেন। তার কবিতা মানবতা ও প্রতিবাদের প্রতীক হয়ে আছে।মেলার প্রথম দিন থেকেই কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।কবির পৈতৃক ভিটাকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। মেলা চলবে আগামী শুক্রবার ১৫ মে পর্যন্ত। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ও হরতাল।

তিন দিনব্যাপী উৎসবে সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিচারণ