মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

ফিফা বিশ্বকাপ ঘিরে ভুরুঙ্গামারীতে উৎসবের আমেজ

বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি থাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামাঞ্চলের আড্ডাগুলোতে এখন বিশ্বকাপই আলোচনার প্রধান বিষয়। কে জিতবে শিরোপা, কোন দল কতদূর যাবে-এসব নিয়েই চলছে জমজমাট আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী।বিশ্বকাপকে সামনে রেখে অনেকেই নিজেদের পছন্দের দলের পতাকা সংগ্রহ করছেন। কেউ বাড়ির ছাদে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, আবার কেউ মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে প্রিয় দলের পতাকা লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।ভুরুঙ্গামারীতে বিভিন্ন দেশের সমর্থক থাকলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের সংখ্যাই বেশি। দুই দলের ভক্তরাই নিজেদের দলকে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে দেখছেন। পাশাপাশি ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের সমর্থকরাও নিজেদের দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় ফুটবলপ্রেমীরা বলছেন, বিশ্বকাপ শুধু একটি খেলার আসর নয়; এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। চার বছর পরপর আয়োজিত এই মহাযজ্ঞকে ঘিরে শিশু থেকে প্রবীণ-সব বয়সী মানুষের মধ্যে তৈরি হয় ভিন্নরকম আনন্দ ও উচ্ছ্বাস।অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেলা দেখার পরিকল্পনা করছেন। ক্রীড়াপ্রেমীদের মতে, বিশ্বকাপ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিশ্ব ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও সৃষ্টি করে।উদ্বোধনী ম্যাচ যত ঘনিয়ে আসছে, ততই ভুরুঙ্গামারীর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, এবারের বিশ্বকাপ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষণীয় ও স্মরণীয়। প্রিয় দলের জয় দেখতে মুখিয়ে আছেন হাজারো ফুটবলভক্ত।

ফিফা বিশ্বকাপ ঘিরে ভুরুঙ্গামারীতে উৎসবের আমেজ