প্রশাসনে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর: স্বচ্ছতা ও জবাবদিহিতে জোর
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন তিনি।তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন তিনি।
এছাড়া সেবা প্রদান ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেবা প্রক্রিয়াকে হয়রানিমুক্ত রাখতে কঠোর তদারকির নির্দেশনাও দেন তিনি।