বলরামপুর সাহাপাড়া খাল খনন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন ফরহাদ হোসেন আজাদ। শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, গুণগত মান এবং ভবিষ্যৎ কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার সম্প্রসারণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন জলসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এ সময় উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মো. রফিকুল ইসলাম।এছাড়াও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন মিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ তারেক রহমান ভার্চুয়ালি বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকা খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।