যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি গঠন: লক্ষ্য নিরাপদ গণপরিবহন
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ-এর নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটি নিরাপদ গণপরিবহন, যাত্রী অধিকার প্রতিষ্ঠা, হয়রানি প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে।সংগঠন সূত্রে জানা গেছে, গত ২০ জুন ২০২৬ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির মেয়াদ ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।নতুন কমিটিতে কামারুন নাহার সভাপতি এবং সায়মুন নাহার জিদনী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী দায়িত্ব পেয়েছেন।নবনির্বাচিত নেতারা এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর ও সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।এছাড়া যাত্রী হয়রানি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।