গোপালগঞ্জকে উন্নত স্বাস্থ্যসেবায় এগিয়ে নিতে চান ডা. কে এম বাবর
গোপালগঞ্জে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. কে এম বাবর।শনিবার (২০ জুন) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) গোপালগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, জেলার মানুষ এখনো উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দূরবর্তী শহরে যেতে বাধ্য হচ্ছেন, যা রোগী ও স্বজনদের জন্য বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি করছে। আধুনিক অবকাঠামো, দক্ষ চিকিৎসক ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে গোপালগঞ্জেই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।ডা. কে এম বাবর আরও বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর, যুগোপযোগী ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।জেলা শাখার সভাপতি ডা. বি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মুরসাদ্দেক হোসেন বিশ্বাস, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং অধ্যাপক ডা. হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. গৌতম কুমার বাগচী।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. কে এম বাবর সভাপতি এবং ময়েনুর রহমান হিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সম্মেলনে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।