খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালাল বন্দি
খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান বলে কারা সূত্রে জানা গেছে।কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইমন মাঝি খুলনার লবণচরা এলাকার বাসিন্দা। তিনি সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন।প্রাথমিক তথ্যমতে, ইমন মাঝি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন একটি বাথরুমের ওপর উঠে সেখান থেকে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।এদিকে, কীভাবে একজন বন্দি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।