৪ বিলিয়ন ডলারের চামড়া রপ্তানি নেমে ১ বিলিয়নের নিচে, সংকটে শিল্পখাত
বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও বাংলাদেশের চামড়া শিল্প ক্রমেই প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিল্পনেতাদের মতে, দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, অবকাঠামোগত সংকট এবং পরিবেশগত মানদণ্ড পূরণে ব্যর্থতার কারণে সম্ভাবনাময় এ শিল্প এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।একসময় প্রায় ৪ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ছিল চামড়া শিল্প। বর্তমানে সেই রপ্তানি আয় এক বিলিয়ন ডলারেরও নিচে নেমে এসেছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব ও প্রাকৃতিক চামড়াজাত পণ্যের প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। ইউরোপ, আমেরিকা, জাপান, রাশিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চামড়াজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জুতা, হ্যান্ডব্যাগ, বেল্ট, ওয়ালেটসহ বিভিন্ন ফিনিশড পণ্য আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।তাদের মতে, চামড়া খাত দেশের অন্যতম উচ্চ মূল্য সংযোজনকারী রপ্তানি শিল্প হলেও বর্তমান সংকট ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।ব্যবসায়ী প্রতিনিধিদের অভিযোগ, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তরের সময় প্রয়োজনীয় পরিবেশগত ও প্রযুক্তিগত অবকাঠামো সম্পূর্ণ প্রস্তুত না করেই প্রকল্প বাস্তবায়ন করা হয়।বিশেষ করে কার্যকর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সম্ভব হয়নি। ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনে ব্যর্থ হয়েছে অনেক প্রতিষ্ঠান।শিল্পসংশ্লিষ্টদের মতে, পরিবেশগত মান পূরণ না হওয়ায় ইউরোপ ও আমেরিকার বহু ক্রেতা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর ফলে রপ্তানি বাজার সংকুচিত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোও তারল্য সংকটে পড়েছে।চামড়া শিল্পের সংকট সরাসরি প্রভাব ফেলেছে কাঁচা চামড়ার বাজারে। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি না হওয়ায় কোরবানির পশুর চামড়া মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।লক্ষ্মীপুর, ফেনী ও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে গরুর চামড়া মাত্র ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে, যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম।এ অবস্থায় কোরবানির চামড়ার আয়ের ওপর নির্ভরশীল মাদ্রাসা ও এতিমখানাগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বাজার গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক চামড়াজাত পণ্যের বাজারের আকার প্রায় ৫৩১ বিলিয়ন ডলার। ২০৩৪ সালের মধ্যে এই বাজার ৯৮২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত মান নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, আন্তর্জাতিক সনদ অর্জন এবং বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করা গেলে বাংলাদেশ আবারও বৈশ্বিক চামড়া বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, চামড়া শিল্প পুনরুজ্জীবনে কার্যকর সিইটিপি, আধুনিক লেদার সিটি, সহজ ঋণ সুবিধা, আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন এবং বিশেষ প্রণোদনা প্রয়োজন।
তাদের মতে, প্রতিযোগী দেশগুলোর মতো সহায়ক নীতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা গেলে বাংলাদেশের চামড়া শিল্প আবারও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাতে পরিণত হতে পারে।