সাংবাদিক হাবিবকে হেনস্তা, এলআরএফ’র তীব্র নিন্দা
রাজধানীর কারওয়ানবাজারে সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিবকে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।সংগঠনটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্টার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিব পেশাগত দায়িত্ব পালনকালে চাঁদাবাজ সিন্ডিকেটের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলআরএফ এক বিবৃতিতে জানায়, পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।বিবৃতিতে সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়তে পারে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।