কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রমে নেমে পড়লেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা-এ খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।শনিবার (২৫ এপ্রিল) তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাদুল্লাপুর ইউনিয়ন-এর কোনেরভিটা-রামনগর খালে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এই খালটি এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা বিল থেকে ধান কেটে নৌপথে বাড়িতে নিয়ে যান, কিন্তু দীর্ঘদিন কচুরিপানায় ভরাট থাকায় তাদের যাতায়াত ও ফসল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।তিনি আরও বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব করতেই এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা জানান, খালটি দীর্ঘদিন পর পরিষ্কার হওয়ায় এখন নৌচলাচল ও ধান পরিবহন সহজ হবে। এতে তারা স্বস্তি পেয়েছেন এবং উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।