হাসপাতালের জমি দখলচেষ্টা ঘিরে উত্তেজনা, কৈতকে মানববন্ধন এলাকাবাসী
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। এ ঘটনার প্রতিবাদ জানানোয় উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।মানববন্ধনে বলা হয়, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনগত ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জায়গা সুরক্ষা, দখলচেষ্টা বন্ধ এবং নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।